বিশ্বজিৎ রায়


স্কুল জীবন থেকেই কবিতা লিখি...কোন স্বপ্ন বা উচ্চাশার জন্য নয়, মনের আনন্দে শব্দ-জব্দ খেলার আমেজে । ছোটবেলার লেখাও সব হারিয়ে গেছে কালের গর্ভে । যা আছে, তা পড়লে আমার নিজেরই হাসি পায় । কলেজ জীবনের পরই লেখা ছেড়ে দিয়েছিলাম । বিগত দুবছর, আমার স্ত্রী ও পুত্রের একান্ত আগ্রহে, আবার লেখা শুরু করি । আমার কবিতা, প্রবন্ধ ও বিজ্ঞানভিত্তিক বহু লেখা, আগে কলেজের ওয়াল ম্যাগাজিন-এ এবং বর্ধমান শহর থেকে প্রকাশিত “স্বাস্থ” নামক একটি পত্রিকায় নিয়মিত বেরিয়েছে । তারপর নানা কারণে বহুদিন আর লেখালিখি করিনি ।
আমি মনে করি ছড়া এবং ছবির মাধ্যমে, খুব সহজেই আমাদের সমাজের সমস্যাগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করা যায় । আমি আমার লেখার মধ্যে দিয়েও, সেই চেষ্টাই করে চলেছি । আমার লেখা যদি কবিতাপ্রিয় মানুষের ভালো লাগে...আবারও লেখার অনুপ্রেরণা পাবো ।
“মনের কোণে নিজের কলম” ভালো লাগে কারণ, এখানে বহু প্রতিশ্রুতিবান লেখক লেখিকারা লেখেন । তাঁদের অসাধারণ লেখার যে স্বাদ পাই, তা আমার লেখাকেও প্রভাবিত করে । নিজেকে এই পরিবারের এক সদস্য হিসাবেও বেশ গর্ব বোধ করি । এই পরিবারের হাত ধরে বাংলা ভাষার চর্চা ও সুস্থ রুচি দিকেদিকে ছড়িয়ে পড়ুক, এই কামনা করি ।

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

রিক্সাওয়ালা
 
টুং টুং টুং বাজছে ঘুঙুর
রিক্সা ছোটে জোর । 
ভুখা পেটেই ছুটছে পথে,
এই তো সবে ভোর ।
প্রখর রোদেও ছুটতে হবে
বৃষ্টি এলেও তাই,
রাত দুপুরেও যখন তখন
উপায় কিছু নাই !
অমুক যাবেন ইষ্টিশনে,
তমুক যাবেন কোর্টে
রামু যাবেন, শ্যাম বাজারে
শামুর অফিস পোর্টে ।
খবর দেওয়া থাকলে আগে
নিজেই হাজির দোরে ।
রাত্তিরে ঘুম নাইবা এলো,
উঠতে হবেই ভোরে !
পরিবারে তার একটি মেয়ে
তার এক ছোট ভাই,
পাগলী তাদের মা হারিয়ে
আর সে, ফেরে নাই ।
সন্ধ্যে বেলায় আসবে ফিরে
রাঁধবে রিক্সাওয়ালা
ছোট্ট মেয়ে উনুন ধরায়,
সাজায় খাবার থালা ।            

দিদিমনি

সকাল ন'টায় দুটো ভাত খেয়ে
দ্রুত হেঁটে আসি ষ্টেশনে
লোকাল ট্রেনেতে যাব কিছু দূরে
স্কুল বাড়িখানি যেখানে ।

ট্রেন থেকে নেমে, 'খেয়া' ধরে ফের,
হতে হবে নদী পার
খেয়া খানা হতে,ঘড়ি ছোটে দ্রুত
দেরী হয় প্রতিবার !

স্কুলের ঘন্টা বেজেছে আগেই
স্কুলে আসি কিছু পরে,
বড়'দিমনি খাতা খানা দেন
গম্ভীর মুখ করে ।

বাড়ি হতে দূরে, বহু পথ ঘুরে
বহু শ্রমে প্রতি দিন ।
কেউ যে বোঝেনা,আমার বেদনা
যাতনা কি সীমা হীন !
          
আমি দিদিমনি, ইস্কুলে আনি
শিক্ষার উপাচার ।
এভাবেই গড়ি, জাতির ভিত্তি
নেই কোন প্রতিকার !

যেই পথে আসি, ফিরি সেই পথে
টিফিনও হয়না খাওয়া,
ট্রেনে আসে নেমে, ক্লান্তির ঘুম
ভালো লাগে খোলা হাওয়া ।

তবু আশা জাগে, তবু ভালো লাগে
হতাশা পরে না ধরা,
আমার স্বদেশ, আমর এদেশ
আমারই শ্রমেতে গড়া ।

6 comments:

  1. সামাজিক ঘটনার প্রেক্ষাপটে লেখা কবিতা গুলো খুব সুন্দর

    ReplyDelete
  2. মন মুগ্ধকর

    ReplyDelete
  3. khub e sundor............, bastobota r samjik dayboddhotar mishel apnar lekha. Suvechchya neben.

    ReplyDelete
  4. বাহহ ... খুব সুন্দর ছন্দময় কবিতা ...আমার ভালো লাগলো ......।।

    ReplyDelete
  5. Aapni besh sohoj kotha sohoj vabe bole osadharon korechhen lekhake....roj rojer din'o lipi tobu kothay aagamir dak....odhvut bhalolaga.

    ReplyDelete
  6. chonder karukaj mon kare. One onek valo laglo. besh anuvobi kabita.

    ReplyDelete